আমার শৈশব খুব বৃষ্টিময়, সেই অঝোর বৃষ্টিতে কাঙ্গালের মতো
দেখেছি বর্ষার মেঘ, এই বৃষ্টি ছিলো
প্রকৃতির আদিবর্ষা, তারই কাছে নিয়েছি প্রেমের পাঠ
মন হুহু করা অনন্ত বিষাদরাশি পেয়েছি বর্ষার কাছে,
শিখেছি মেঘের কাছে পাহাড়ি মেয়ের
খিলখিল হাসির মতো জলের কথক নৃত্য;
এই ছিলো আমার শৈশব, কাজলাদিদির জন্য বালিশ ভেজানো কান্না
বাতাসের শোঁ শোঁ শব্দ আমি তার অর্থ বুঝি না
সেই শৈশবের বৃষ্টি ও বর্ষায় আজো আমি উত্থাল উম্মাদ -
আজো আমি আকাশের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাই,
কিছুই নেই, দুফোঁটা চোখের জল জমা রাখি অনন্তের কাছে;
এই বর্ষায় বিষাদে আদিগন্ত ঘরে দেখি আকাশের
গায়ে লেখা মেঘদূত সেই বিরহের বিধুর কবিতা
আমি সেই স্বপ্নাতুর বালকের মতো আজো শৈশবের
অঝোর বৃষ্টিতে ভিজে উতোল বর্ষায় ভেসে যাই।
No comments:
Post a Comment